দাকোপে আমির এজাজ খান: ‘বসে থাকার সময় নেই, দেশ গড়ার পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরুন’
খুলনা-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমির এজাজ খান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘এখন আর আমাদের ঘরে বসে থাকার সময় নেই। যার যার এলাকায় বেরিয়ে পড়ুন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরুন।’
গতকাল রাতে দাকোপ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি নেতাকর্মীদের নির্দেশ দিয়ে বলেন, জনগণ কেন ধানের শীষে ভোট দেবে, সেই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
এর আগে আমির এজাজ খান বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ও দাকোপের বারুইখালী এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন। মাহফিল ও গণসংযোগ শেষে রাত ১০ টায় তিনি দাকোপ উপজেলা সদরে দলীয় কার্যালয়ে পৌঁছান।
সেখানে তিনি নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে দাকোপ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।