দাকোপে আল-আমিন নূরানী মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভায় অবস্থিত আল-আমিন নূরানী প্রি-ক্যাডেট মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চালনা বাজার শহিদ মিনার রোড সংলগ্ন মাদ্রাসা শহীদ মিনারের সামনের মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল আকতারুজ্জামান। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকামণ্ডলীর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, বিশেষ করে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কানায় কানায় পূর্ণ প্যান্ডেলে অভিভাবকরা তাদের সন্তানদের ফলাফল জানতে আগ্রহ নিয়ে অপেক্ষা করেন।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে বিভিন্ন শ্রেণিতে মেধা তালিকায় স্থান অর্জনকারী ও কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।
নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া এবং কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মাঝে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। বছরের শেষ দিনে এমন সুশৃঙ্খল আয়োজনে অভিভাবকরাও মাদ্রাসার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
সম্পাদকঃ মোঃ রায়হান শেখ, প্রকাশকঃ আল-আমীন সানা
ঠিকানাঃ চালনা বাজার, খান মার্কেট, দাকোপ, খুলনা।
www.matrivumi.tv